ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : প্রধানমন্ত্রী

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ গ্রামের বাড়িতে গিয়ে উৎসব করায় অর্থ সরবরাহ বাড়ে। তিনি বলেন, ঈদে সবাই গ্রামের বাড়ি যায়। বিশ্বে অনেক দেশে এটা এখন কমে গেছে। গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে। তৃণমূল থেকে উন্নয়ন করছি। গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করছি। শনিবার (৭ মে) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি বলে জানিয়েছেন দলের সভাপতি বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।


জিয়াউর রহমান নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো ভোটে পেছনে ছিল না। নানান ষড়যন্ত্র করে ভোটে পিছিয়ে রাখা হয়েছে। নানা ষড়যন্ত্রের মাঝেও আমরা এগিয়েছি।


তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদা, তারেক সবাই মানুষ হত্যা করেছে। জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। তাদের সময় ক্ষমতা ছিল ক্যান্টনমেন্টে। পাকিস্তানি স্টাইলে মিলিটারি ডিকটেটরশিপ চালু করেছিল।


বিএনপির নেতৃত্ব কোথায় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দুজনই (খালেদা জিয়া ও তারেক রহমান) সাজাপ্রাপ্ত। এদের সঙ্গে ডান, বাম, অতিবাম এসে যুক্ত হয়েছে।


আওয়ামী লীগ সরকারের অপরাধ কি জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার উৎখাত করতে চায়, আমাদের অপরাধটা কী? কোথায় ব্যর্থ হয়েছি?


শেখ হাসিনা বলেন, অনেকে অতিজ্ঞানী হলেও তারা কম বোঝে, তাকিয়ে থাকে কখন তারা ক্ষমতায় যেতে পারবে। তারা বসে থাকে, কখন সিগন্যাল আসবে। বিদেশে দেশের বিরুদ্ধে বদনাম করে, বিদেশ থেকে যেন তাদের ক্ষমতায় বসাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑